কনুইয়ের কালো দাগ দূর হবে তিন উপায়ে
মুখের ত্বকের যত্ন কম বেশি সবাই নিয়ে থাকেন! নিয়মিত পরিচর্যায় মুখের উজ্জ্বলতা বাড়লেও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। কনুইয়ের এই কালচে ভাব বড়ই বেমানান আর দৃষ্টিকটূ।
কনুইয়ের এমন কালো দাগ স্লিভলেস পোশাকের সৌন্দর্য কমিয়ে দেয়। এই দাগ সহজে যেতেও চায় না! তবে এমন কয়েকটি ঘরে তৈরি প্যাক রয়েছে যেগুলো কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করা যায়। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেয়া যাক...
১) দই, বেসন ও পাতিলেবুর প্যাক:
উপকরণ: ১ চামচ বেসন, ১ চামচ টকদই, ১ চামচ পাতিলেবুর রস আর ১ চামচ চিনি।
পদ্ধতি: সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তারপর মিনিট পাঁচেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন।
২) চিনি আর পাতিলেবুর প্যাক:
উপকরণ: ১টি পাতিলেবু আর ১ চামচ চিনির রস।
পদ্ধতি: ১ চামচ চিনি পানিতে গুলে রস করে নিন। এবার ১টি পাতিলেবুকে সমান দু’ভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ দিন করলে দ্রুত ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব।
৩) চিনি আর অলিভ অয়েল:
উপকরণ: ১ চামচ চিনি আর ১ চামচ অলিভ অয়েল।
পদ্ধতি: চিনির সঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে মালিশ করুন। তারপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত-পায়ের যেকোনো অংশেই ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে হবে।